ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়নের উদ্বোধন, শীঘ্রই শুরু হবে ইলেকট্রিক চুল্লির কাজ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || আগরতলা শহরের ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, মেয়র-ইন-কাউন্সিল প্রদীপ চন্দ্র, আগরতলা পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহাশ্মশানের পরিকাঠামো উন্নয়ন, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং আগত সাধারণ মানুষের জন্য আরও উন্নত পরিষেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, শহরের গুরুত্বপূর্ণ জনপরিষেবা কেন্দ্রগুলির আধুনিকীকরণে আগরতলা পৌর নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই এই মহাশ্মশানে অত্যাধুনিক ইলেকট্রিক চুল্লি স্থাপনের কাজ শুরু হবে। ইলেকট্রিক চুল্লি চালু হলে শেষকৃত্যের প্রক্রিয়া আরও আধুনিক, পরিবেশবান্ধব ও সহজতর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মহাশ্মশানের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও পরিকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*