নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ।। প্রজ্ঞা ভবনের ১নং হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার। পর্যালোচনা সভায় দপ্তরের যে সমস্ত প্রোজেক্টগুলি রয়েছে তার কার্যক্রম ও আগামীর কর্মসূচী নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এই দপ্তর শিশু, মহিলা, প্রতিবদ্ধী, সামাজিক পেনশন প্রদান ও প্রবীণদের কল্যানে বিভিন্ন প্রকল্প রুপায়নে ৫টি প্রোজেক্টের উপর কাজ করে বলে জানানো হয় পর্যালোচনা সভায়। রাজ্যের অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ১০০ শতাংশ সফলতা অর্জন করতে হবে বলে মূখ্যমন্ত্রী জানান। তাছাড়াও তিনি সামাজিক ভাতা সময় মতো প্রেরন করা, শিশু ও মায়ের স্বাস্থ্য ও তাদের ১০০ শতাংশ টিকাকরন, ম্যালেরিয়া ও জলবাহিত রোগ নিরাময় ও সরকারী হাসপাতালে প্রসব করানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় মূখ্যমন্ত্রী ছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে মন্ত্রী বিজিতা নাথ, মূখ্যসচিব ওয়াই পি সিং, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি, আধিকর্তা ডি ডারলং প্রমুখ উপস্থিত ছিলেন।
