আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন ৷৷ আই পি এফ টি দলের এন সি গোষ্ঠীর রেল ও জাতীয় সড়ক অবরোধ। এই অবরোধ ঘিরেই নির্ভর করছে তাদের রাজনৈতিক ভবিষ্যত। জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চরতে শুরু করেছে। ত্রিপুরাকে ভাগ করে ‘তিপ্রাল্যান্ড’ নামে নতুন রাজ্য গঠনের দাবীতে ১০ই জুলাই থেকে বড়মুড়া এলাকায় রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার ঘোষণা করেছে আই পি এফ টি। যদিও বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীন দল এই অবরোধের প্রতিবাদে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার চালিয়েছে। রাজ্যের সবকটি রাজনৈতিক দল আই পি এফ টি-র এই পথ অবরোধ এবং তাদের দাবীকে অসাংবিধানিক ও অনৈতিক বলে আখ্যা দিয়েছেন।সোমবার থেকে আই পি এফ টি দলের এন সি গোষ্ঠীর রেল ও জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ, টি এস আর, সি আর পি এফ জওয়ানদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নামানো হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে পাহাড় জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রবিবার থেকেই আই পি এফ টি সমর্থকরা গাড়ি বোঝাই করে এসে বড়মুড়া পাহাড়ে দলে দলে তাবু টাঙ্গিয়ে বসেছে। তেলিয়ামুড়া, আমবাসা, মনু, গন্ডাছড়া সহ জাতীয় সড়কের নিকটবর্তী থানা এবং চম্পকনগর ফাড়িতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আই পি এফ টি-র রেল ও জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে জনমনে উত্তেজনা পাহাড় থেকে সমতলে গড়িয়েছে।
