আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি ৷৷ প্রথা মেনে সব রাজনৈতিক দলের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। ২০১৮ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মেলারমাঠে পার্টির সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রার্থী তালিকার ঘোষণা করেন বামফ্রন্টের নতুন আহ্বায়ক বিজন ধর। সাংবাদিক সন্মেলনে শ্রী ধর বলেন, ২০১৩ সালে মহিলা প্রার্থী ছিলেন ৫ জন। এবার তা বাড়িয়ে মহিলা প্রার্থী ৭ জন করা হয়েছে। তিনি বলেন, এবারের নতুন প্রার্থী ১২ জন। তার মধ্যে ১০ জন একেবারে নতুন মুখ। সাংবাদিক সন্মেলনে বামফ্রন্টের নতুন আহ্বায়ক বিজন ধর বলেন, রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনে সি পি আই (এম), ১টি আসনে সি পি আই, ১টি আসনে আর এস পি এবং ১টি আসনে ফরোয়ার্ড ব্লক প্রতিদ্বন্দীতা করবে। তিনি বলেন, ৫ জন বিধায়ককে এবার প্রার্থী করা হয়নি। তারা হলেন ১২-টাকারজলার (এস টি) নিরাঞ্জন দেববর্মা, ৪৭-আমবাসা (এস টি) এর ললিত দেববর্মা, ৫৪-কাদামতলার ফাইজুর রহমান, ৫৮-পানিসাগরের সুবোধ দাস এবং ৫৯-পেচারথল (এস টি)-র আরুন কুমার চাকমা।দীর্ঘদিন ধরে শরিক দলদের আসন হিসেবে বরাদ্দ থাকা ৯-বনমালীপুরে DYFI-র রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী এবং ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রে সাংসদ ঝর্না দাস বৈদ্যকে সি পি আই (এম)-র হয়ে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে।


