আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক এবং বিশিষ্ট সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যামামলার তদন্তভার সি বি আই গ্রহণ করেছে। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, সি বি আই’র রাজ্যেরপক্ষ থেকে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে তদন্তের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এরজন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকের প্রত্যেকটি সংগঠনের তরফে মূখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর, ২০১৭ সালে তরুন সাংবাদিক শান্তনু ভৌমিককে কতিপয় দুষ্কৃতি এবং ২১ নভেম্বর, ২০১৭ সালে বিশিষ্ট সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে টি এস আর কমান্ডেন্ট তপন দেববর্মা তাঁর নিজ কক্ষে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের ১১টি সংগঠন সোচ্চার হয়েছিল। সি বি আই তদন্তের দাবিতে টানা ১৭১ দিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আন্দোলন চালিয়ে ছিল।
