দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ আগষ্ট ৷৷ গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ৭২তম স্বাধীনতা দিবস। রাজ্যে স্বাধীনতা দিবস পালনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানকে নান্দনিক সৌন্দর্য্যে সজ্জিত করে তোলা হয়। সেখানে সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠনের সূচনা করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপরই বিউগলের সুরে বেজে উঠে ‘জন গণ মন অধিনায়ক জয় হে’-র সুর।আসাম রাইফেলস ময়দানে প্রথাগত কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সুসজ্জিত প্যারেডের ১৮টি দলের ছন্দোবদ্ধ প্যারেডের সালামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। প্যারেডের তালে তালে ছন্দায়িত হয়েছে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত স্বাধীনতাকামী উৎসাহী জনতার। প্রধান অতিথির ভাষণে রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্বাধীনতা দিবসে আসাম রাইফেলস ময়দানে মন্ত্রীসভার অন্যান্য সদস্য -সদস্যা, রাজ্য তথা কেন্দ্রীয়স্তরের নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারীকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের উচ্চস্তরের আধিকারীকবৃন্দ। স্বাধীনতা দিবসে আসাম রাইফেলস ময়দানে নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন হয়, বিভিন্ন স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ এতে।
