আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷৷ বিহারে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজ্যের ১৮ জন উপজাতি শিশুদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতনের পর বিহার পুলিশের তৎপরতায় শুক্রবার রাতে ট্রেনে করে সেই শিশুদের আগরতলায় ফিরিয়ে আনার পর শনিবার দুপুরে আগরতলায় অভয়নগর এলাকার আশ্রম হোমে সেই শিশুদের দেখে এলেন ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা। পাশাপাশি তাদের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন। মন্ত্রীর সাথে ছিলেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্য পদাধিকারীরা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী জানান, বিহার থেকে রাজ্যে ফিরে আসা নাবালক পড়ুয়াদের শিক্ষাদীক্ষার জন্য চেষ্টার ত্রুটি রাখবে না রাজ্য প্রশাসন। অভিভাবকদের সাধ্য না থাকলে প্রয়োজনে সরকারি প্রকল্পে তাদের পড়াশুনার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে সরকার।উল্লেখ্য, দুই বছর আগে ত্রিপুরাসহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যর শিশুদের বিহার রাজ্যের বুদ্ধগয়ার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার জন্য পাঠানো হয়। সেখানে ওই শিশুদের ওপর শারীরিক অত্যাচার করা হচ্ছিল। বিষয়টি জানার পরপর রাজ্য সরকার তাদের ফিরিয়ে এনেছে।
