আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ৷৷ আই পি এফ টি’র সাথে জোট অক্ষুণ্ণ রাখতে ত্রিপুরাতে ছুটে এলেন বিজেপি’র শীর্ষ নেতৃত্বরা। রবিবার রাজ্যে এসে বিজেপি’র শীর্ষ নেতৃত্বরা দফায় দফায় বৈঠক করে বিজেপি’র নেতৃবৃন্দের সাথে। কথা বলেন শরিক আই পি এফ টি নেতাদের সাথে। পৃথক ভাবে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক রাম মাধব, সংগঠনমন্ত্রী অজয় জাম্বোয়াল, সর্বভারতীয় সম্পাদক তথা দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সুনীল দেওধর সাংবাদিকদের জানান, “আই পি এফ টি’র সাথে জোট নিয়ে কোন ধরনের সমস্যা নেই। সমন্বয় কমিটির বৈঠকেই যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। জোট অক্ষুণ্ণ থাকবে। তিনি বলেন, দলকে কিভাবে আরও মজবুত করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েতের উপ-নির্বাচনকে ঘিরে দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেই থেকেই আই পি এফ টি ও বিজেপি’র জোট নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছিল।
