
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি ৷৷ এডিসি এলাকায় ৭টি উপজাতি সংগঠনের ডাকা বনধে মিশ্র সাড়া মিলল রাজ্যে। শনিবার রাজ্যের এডিসি এলাকায় ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল ৭টি উপজাতি সংগঠন। যদিও রাজ্য সরকারের শরীক আই পি এফ টি দল এদিনের বনধে সামিল হয় নি। তবে বনধে তেমন সাড়া না মিললেও এদিন এডিসি এলাকায় রাস্তাঘাট ছিল প্রায় জনমানব শূন্য, ছিলনা কোনো যানবাহনও। মান্দাইতে টায়ার পুড়িয়ে বনধের সমর্থন জানান বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। জম্পুইজলাতে এদিন সকালেই কালো পতাকা উত্তোলন করেন বনধ সমর্থনকারীরা। খোয়াইয়েও পালন করা হয় বনধ। হেজামারা, জিরানীয়া, মান্দাই এলাকায়ও বন্ধ পালিত হয়। পুলিস সূত্রে খবর, বনধকে কেন্দ্র করে রাজ্যের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে নি। গোটা এডিসি এলাকাতেই অধিক নিরাপত্তা জারি করা হয়েছিল। নামানো হয়েছিল টি এস আর, আসাম রাইফেলস এবং সি আর পি এফ জওয়ানদের।
