আন্তর্জাতিক ডেস্ক ।। আল জাজিরার সাজাপ্রাপ্ত অস্ট্রেলিয়ান নাগরিক সাংবাদিক পিটার গ্রেস্তকে মুক্তি দিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসিকে অনুরোধ করেছেন তার দুই ভাই।
গত বছর সিসির জারিকৃত এক ডিক্রির মাধ্যমেই পিটারকে মুক্তির আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া গত বৃহস্পতিবার এক শুনানিতে পিটারসহ সাজাপ্রাপ্ত আরো দুই সাংবাদিক মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদকে মুক্তি না দেয়ার ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন অ্যান্ড্র গ্রেস্ত।
মিশরের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা এবং ভুয়া খবর প্রচারের অভিযোগ আনা হয়েছিল আল জাজিরার সাংবাদিক পিটার, ফাহমি ও বাহের’র বিরুদ্ধে। অভিযোগে দোষী প্রমাণিত করে সিসির সরকার গত জুনে তাদেরকে সাত থেকে দশ বছর মেয়াদে কারাদণ্ড দেয়।
অস্ট্রেলিয়ান নাগরিক পিটার গ্রেস্ত ও মোহাম্মদ ফাহমিকে সাত বছর করে এবং বাহের মোহাম্মদকে দশ বছরের কারাদ- প্রদান করা হয়। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে তাদেরকে আটক করে মিশরের পুলিশ। এরপর গত এক বছর ধরে তারা জেলজীবন যাপন করছেন।
এদিকে, ওই তিন সাংবাদিক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। তারা স্রেফ নিউজ প্রচার করেছেন বলে দাবি করে আসছেন। ঘটনাটি ২০১৩ সালের। তখন দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উৎখাত চেয়ে আন্দোলন করে আসছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মীরা।
এক পর্যায়ে ওই আন্দোলন সহিংস রূপ নেয়। শেষ পর্যন্ত তখনকার সেনাপ্রধান জেনারেল সিসির সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মুরসি। আর এ ঘটনার পরই ওই তিন সাংবাদিক মুরসির মুসলিম ব্রাদারহুড’র পক্ষে সংবাদ প্রচার করছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন আল জাজিরার ওই তিন সাংবাদিক। তবে সংশ্লিষ্ট আদালত মামলা পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে নতুন করে এ বিচারকাজ শুরু হবে। তবে বিচার শুরু হওয়ার এই এক মাস সময় তাদেরকে পুলিশ হেফাজতে থাকতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন।
এ বিষয়টিকে অন্যায় বলে আখ্যায়িত সাংবাদিকদের আত্মীয়-স্বজনরা। তারা তাদের মুক্তির কথা জানিয়েছেন। আল জাজিরাও তার তিন সাংবাদিককে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুত্র: বিবিসি
