আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || সোমবার গোটা ত্রিপুরা রাজ্যে ১২ ঘন্টার বনধের ডাক দিল উপজাতি ছাত্র সংগঠন টি এস এফ। রবিবার টি এস এফ’র ডাকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই উপজাতি ছাত্র রাজধানীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাদের সাথে অভব্য আচরণ করেন। পাশাপাশি তাদের উপর বিভিন্নভাবে হেনস্তারও অভিযোগ তুলেন টি এস এফ। এরই প্রতিবাদে সোমবার উপজাতি ছাত্র সংগঠন টি এস এফ’র তরফে ত্রিপুরা রাজ্যে সকাল ৫টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়।
টি এস এফ’র ডাকা এই বনধকে সমর্থন করেছে, তিপ্রা মথা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। পাশাপাশি বনধকে সমর্থন করেছে আই পি এফ টি দলের হয়ে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।
যদিও টি এস এফ’র ডাকা এই বনধের বিরোধীতা করে শাসক দল বিজেপি। পাশাপাশি এই বনধের বিরোধিতা করে সি পি আই (এম)।
রবিবার বিজেপি এবং সি পি আই (এম) এর তরফে আলাদা আলাদা সাংবাদিক সম্মেলনে এই বনধের বিরোধিতা করা হয়।
রবিবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সোমবার সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানানো হয়েছে।
