সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, সহায়তার আবেদন পরিবারের

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ০৪ আগস্ট || কৈলাসহরের চিড়াকুটি এলাকায় সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। আহত ব্যক্তির নাম নিপেশ দে, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি কৈলাসহর পুরপরিষদের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
জানা গেছে, এদিন সকালে ব্যক্তিগত কাজে চিড়াকুটি এলাকায় যান নিপেশবাবু। অভিযোগ, সেসময় একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান আরজিএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গেছে, নিপেশ দের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। চিকিৎসার খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে সরকারি সহায়তা পাওয়ার আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী পূর্ণিমা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার স্বামীর চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। আমরা গরিব মানুষ। প্রশাসনের কাছে আমার একমাত্র আবেদন, আমাদের একটু সাহায্য করুন।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত যুবকের দ্রুত আরোগ্য কামনা করে সহানুভূতি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*