আপডেট প্রতিনিধি, কৈলাশহর, ০২ সেপ্টেম্বর || কৈলাসহর পুরপরিষদের অধীনে ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন ওয়াটার রিসোর্স দপ্তরের উদাসীনতা ও ঠিকাদারের অর্ধসমাপ্ত কাজের কারণে। রাস্তার বেহাল দশার ফলে এলাকাবাসীর যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে। দুর্গাপূজার প্রাক্কালে সেই সংকট মুহূর্তে পাশে দাঁড়াল কৈলাসহর বিজেপি মন্ডলের কার্যকর্তারা।
মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা উদ্যোগ নিয়ে বাঁধ সংস্কার কাজে হাত লাগান। শুধু রাজনৈতিক নেতারাই নয়, এলাকার সচেতন নাগরিকরাও এই কাজে সক্রিয়ভাবে অংশ নেন।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য কমিটির সদস্য ও কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নিতিশ দে। উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক রায়, স্থানীয় বুথ সভাপতি রাজু দাসসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
এই কর্মসূচি প্রসঙ্গে কৈলাসহর বিজেপি মন্ডলের সভাপতি প্রীতম ঘোষ সংবাদমাধ্যমকে জানান, “সরকারি দপ্তরের অবহেলার কারণে মানুষ বছরের পর বছর কষ্ট পাচ্ছেন। তাই দলের উদ্যোগে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।”
