গোপাল সিং, খোয়াই, ০৩ সেপ্টেম্বর || মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খোয়াই থানা বুধবার এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে। ‘প্রয়াস’ কর্মসূচির অংশ হিসেবে ‘Fight Against Drugs’ শীর্ষক এই সভাটি খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদিত্য দাস। তাঁর সঙ্গে ছিলেন খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা সভাটি এক সফল কর্মসূচিতে পরিণত হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোকপাত করেন এবং ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক শুধুমাত্র ব্যক্তি নয়, একটি গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে।” ভারপ্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকারও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার জন্য অনুপ্রাণিত করেন। ছাত্র-ছাত্রীরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
