আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর || রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে শাসকদল বিজেপি’র অন্দরে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। এ ঘটনার পরই তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব।
ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ওই বিধায়কের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি এক জনসভায় বিপ্লব দেব ও প্রতিমা ভৌমিককে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন বিধায়ক তফাজ্জল হোসেন। ঘটনাটি সামনে আসতেই দলীয় মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। প্রদেশ নেতৃত্ব জানিয়েছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনও কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
