আপডেট প্রতিনিধি, সাব্রুম, ১১ নভেম্বর || সাব্রুম মহকুমার চালিতাছড়ি কৈকই মগপাড়া এলাকায় ঘটে গেল মর্মান্তিক রেল দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কৈইজা ত্রিপুরা মগ (৪০) নামে এক ব্যক্তি রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুমের দিকে যাচ্ছিল।
ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালে সাব্রুমগামী ডেমো ট্রেন চালিতাছড়ি মগপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা রেলপথ অবরোধ করে দীর্ঘক্ষণ ট্রেন আটকে রাখে। তাঁদের দাবি, রেল কর্তৃপক্ষ ও প্রশাসন যেন দ্রুত দুর্ঘটনার সঠিক তদন্ত করে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনু থানার এসআই শিবশঙ্কর সাহা জানিয়েছেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। তদন্ত চলছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পরে প্রশাসনের হস্তক্ষেপে রেলপথ অবরোধ উঠে যায় এবং ডেমো ট্রেনের চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বারবার। তাঁরা দ্রুত রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
