রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলা: জখম কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস ও তাঁর পুত্র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || রাজধানী আগরতলায় রবিবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন মাধবী বিশ্বাস ও তাঁর ছেলে। বর্তমানে দু’জনেই আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী হঠাৎই মাধবী বিশ্বাসের বাড়িতে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, এরপর তারা মাধবী ও তাঁর ছেলেকে লক্ষ্য করে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে মা ও ছেলের মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের মতে, দু’জনেরই মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে এই হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানাতে চাননি মাধবী বিশ্বাস। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে তৎপরতা চালাচ্ছে।
উল্লেখ্য, মাধবী বিশ্বাস দীর্ঘদিন ধরেই তাঁর বিতর্কিত কন্টেন্টের জন্য সমালোচনার মুখে রয়েছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ধরনের একাধিক মামলায় এর আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং প্রায় ৭৫ দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান।
সম্প্রতি এডিসি নির্বাচন নিয়েও তাঁর একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক হামলার ঘটনাটি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শহরজুড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*