বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || রবিবার দুপুরে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে এসে স্কুটি হারালেন এক জনজাতি রমণী। ঘটনাটি হাসপাতাল চত্বরে ঘটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধলাই জেলার সালথাং মনু চরন পাই পাড়া এলাকার বাসিন্দা নমিতা রিয়াং চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধ কিনে তিনি তা পুনরায় চিকিৎসককে দেখাতে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করেন। এই সুযোগে হাসপাতালের বাইরে রাখা তাঁর ব্যক্তিগত স্কুটি (নম্বর: TR 08 G 4509) চুরি হয়ে যায়।
পরবর্তীতে স্কুটি খুঁজে না পেয়ে নমিতা রিয়াং শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে।
প্রকাশ্য দিবালোকে হাসপাতাল চত্বরের মতো জনবহুল ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় এভাবে স্কুটি চুরি হয়ে যাওয়ায় রোগী ও পরিজনদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, হাসপাতালে এত নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে চোরেরা নির্বিঘ্নে এই কাজটি করে পালাতে সক্ষম হল?
এখন দেখার বিষয়, শান্তিরবাজার থানার পুলিশ কত দ্রুত চোরের হদিস পেয়ে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করতে পারে।
