আগরতলায় কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলন ঘিরে সুবিশাল সমাবেশ, শহরজুড়ে বর্ণাঢ্য মিছিল

গোপাল সিং, খোয়াই, ০১ সেপ্টেম্বর || সারা ভারত কৃষক সভা (AIKS)-এর ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো সুবিশাল বর্ণাঢ্য মিছিল ও প্রকাশ্য সমাবেশ। এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি এসে পৌঁছায় ঐতিহ্যবাহী আস্তাবল ময়দানে, যা স্বামী বিবেকানন্দ ময়দান নামেও পরিচিত। পরে সেখানেই অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বিজু কৃষ্ণান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও স্থানীয় পর্যায়ের প্রবীণ ও তরুণ নেতৃত্ব। তাঁদের ঘিরে সমাবেশস্থলে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার নেতৃত্ব রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়গুলি তুলে ধরেন। কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও সংস্কার, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা।
পাশাপাশি কৃষকদের মৌলিক অধিকার, কৃষি ও কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচি নিয়েও বক্তব্য রাখেন নেতৃত্বরা। কৃষক সমাজের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আস্তাবল ময়দানে অনুষ্ঠিত এই প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*