সুব্রত দাস, গন্ডাছড়া, ৩১ আগস্ট || গণ্ডাছড়া-অমরপুর সড়কের মণ্ডলপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় মদ বোঝাই একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে উল্টে পড়ে। দুর্ঘটনায় গাড়ির চালক ও সহ-চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, আগরতলা থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ বোঝাই করে গাড়িটি গণ্ডাছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। মণ্ডলপাড়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বিপত্তি ঘটে। সেই সময় রাস্তার পাশের মাটি ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী গাড়িটি পাশের নিচু জমিতে উল্টে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা গাড়ির চালক ও সহ-চালককে উদ্ধার করেন। তবে সৌভাগ্যক্রমে তাঁদের বড় ধরনের কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে।
গাড়িটির চালক হিসেবে শংকর দেবনাথের নাম জানা গেছে। তাঁর বাড়ি বিশালগড়ে বলে স্থানীয় সূত্রে খবর। দুর্ঘটনার জেরে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
