আমবাসার হাদুখুলে সম্প্রীতির রাখীবন্ধন, ৭০০-র বেশি ব্রু-রিয়াং পরিবারের সঙ্গে উৎসবে মাতলেন প্রতিমা ভৌমিক

গোপাল সিং, খোয়াই, ০১ সেপ্টেম্বর || জাতি-উপজাতি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমবাসার ঐতিহাসিক হাদুখুল এলাকায় ব্রু-রিয়াং সমাজের ৭০০-র বেশি পরিবারের সদস্যদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার ‘দিদি’ প্রতিমা ভৌমিক। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে খুদে শিশু থেকে শুরু করে প্রবীণ—সমাজের বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রতিমা ভৌমিকের সঙ্গে উপস্থিত ছিলেন আমবাসার প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, স্থানীয় রিয়াং কার্যকর্তারা, আমবাসা পৌর পরিষদের সহ-সভাপতি গোপাল সূত্রধর এবং বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল-সহ অন্যান্যরা।
রাখীবন্ধন অনুষ্ঠানে প্রতিমা ভৌমিক ব্রু-রিয়াং সমাজের শিশু, নারী ও প্রবীণদের হাতে স্নেহের রাখী পরিয়ে দেন। পাল্টা স্থানীয় বাসিন্দারাও ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে তাঁর হাতে রাখী পরিয়ে দেন। অনেকের কাছেই এই রাখীবন্ধন ছিল বিশেষ আবেগঘন মুহূর্ত।
উৎসবের মাঝে শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রতিমা ভৌমিক। খুদে জনজাতি শিশুদের কোলে তুলে আদর করার পাশাপাশি তাঁদের হাতে চকলেট তুলে দেন তিনি। তাঁর এই আন্তরিকতায় অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়।
অনুষ্ঠান শেষে প্রতিমা ভৌমিক বলেন, রাখী শুধু একটি সুতো নয়; এটি ভ্রাতৃত্ব, ঐক্য, পারস্পরিক ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। ত্রিপুরার জাতি ও উপজাতি সমাজের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই এই উৎসবের মূল বার্তা বলেও তিনি উল্লেখ করেন।
হাদুখুলের এই রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে জাতি-উপজাতি নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*