গোপাল সিং, খোয়াই, ০২ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো দলের এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
বৈঠকে দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিনের বৈঠকে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর ডাঃ সম্বিত পাত্রা, প্রদেশ প্রভারী ডাঃ রাজদীপ রায়, প্রদেশ সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকসহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিধায়কবৃন্দ, প্রদেশ কমিটির পদাধিকারীরা, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি ও জেলা প্রভারীরা। পাশাপাশি বিভিন্ন মণ্ডলের সভাপতিরাও উপস্থিত থেকে সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের আগে দলের সর্বভারতীয় ও রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক রূপরেখা নির্ধারণেই এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। তার মধ্যেই প্রদেশ বিজেপির এই উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে।
