গোপাল সিং, খোয়াই, ০২ সেপ্টেম্বর || খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত বাগবের এলাকায় গরু চোর সন্দেহে এক সংখ্যালঘু যুবককে বেধড়ক মারধর করে হত্যা করার এক নৃশংস ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ঘিলাতলী ও কল্যাণপুর এলাকা জুড়ে চরম উত্তেজনা ও তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত যুবকের নাম জলিল রহমান (৪৫), তাঁর পিতার নাম হাবিবুর রহমান। তিনি স্থানীয় ঘিলাতলী বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শেষ রাতের দিকে বাগবের এলাকায় জলিল রহমানকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কিছু লোক তাঁকে গরু চোর সন্দেহে ঘিরে ফেলে। এর পরপরই উন্মত্ত জনতা তাঁকে বেধড়ক মারধর শুরু করে। সম্মিলিত প্রহারের ফলে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক।
ঘটনার খবর পেয়ে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে কল্যাণপুর থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই কল্যাণপুর থানার পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় জলিল রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়াতেই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোন পরিস্থিতিতে এবং কারা এই গণপিটুনির সাথে সরাসরি যুক্ত, তা খতিয়ে দেখতে কল্যাণপুর থানার পুলিশ ইতিমধ্যেই এক সুনির্দিষ্ট মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর যুবকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
