খোয়াই এয়ারপোর্ট গ্রাউন্ডের আনন্দ মেলায় বিপদের ঝুঁকি, এনওসি না থাকায় মেরি-গো-রাউন্ড, মত কা কুয়া ও নাগরদোলা বন্ধে এসডিপিও-কে চিঠি মহকুমা শাসকের

গোপাল সিং, খোয়াই, ০২ সেপ্টেম্বর || খোয়াই এলাকায় অনবরত বৃষ্টি অব্যাহত থাকার ফলে এয়ারপোর্ট গ্রাউন্ডের মাটি বর্তমানে অত্যন্ত নরম ও কাদাময় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খোয়াই বিমানবন্দর মাঠে চলমান আনন্দ মেলায় দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে অনুমতি প্রদানের সময়ই প্রশাসন থেকে কিছু ঝুঁকিপূর্ণ রাইড চালু না করার স্পষ্ট নির্দেশ ছিল। তবে সেই প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করেই মেলা প্রাঙ্গণে রাইডগুলি তৈরি করা হয়। অভিযোগ উঠেছে, মেলার সিংহভাগ উপার্জন জুয়ার আসর এবং এই রাইডগুলি থেকে আসায় প্রশাসনের তোয়াক্কা না করেই এগুলি চালানো হচ্ছিল।
অবশেষে প্রশাসনের বিধিনিষেধ না মানায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করল খোয়াই মহকুমা শাসক দপ্তর। পূর্ত দপ্তরের সুনির্দিষ্ট এনওসি না থাকায় মেলার ঝুঁকিপূর্ণ রাইড—যেমন মেরি-গো-রাউন্ড, মত কা কুয়া এবং নাগরদোলার পরিচালনা অবিলম্বে বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
খোয়াই মহকুমা শাসক দপ্তরের সরকারি আদেশে খোয়াই মহকুমা পুলিশ অফিসারকে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে, খোয়াই এয়ারপোর্ট গ্রাউন্ডে গত ২৫শে আগস্ট থেকে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আনন্দ মেলায় কয়েকটি বিপজ্জনক রাইড অনুমতি ছাড়াই চালানো হচ্ছিল। পূর্বের অনুমতিপত্রের ৬ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট নির্দেশিকা লঙ্ঘন করে পূর্ত দপ্তরের নির্দিষ্ট এনওসি ছাড়াই এসব রাইড চালানো হচ্ছে, যা নরম মাটিতে দর্শনার্থীদের সুরক্ষার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
চিঠিতে এসডিপিও-কে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করে উক্ত রাইডগুলির পরিচালন প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এই নির্দেশ কার্যকর করতে এবং মেলা প্রাঙ্গণের নিরাপত্তা তদারকি করতে মহকুমা শাসক দপ্তরের পক্ষ থেকে ডি.সি. (DC) প্রণেশ সরকার-কে সরেজমিনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মেলার মৌসুমে বৃষ্টিজনিত ঝুঁকি ও সাধারণ মানুষের বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*