বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ নভেম্বর || আসন্ন ২৭ নভেম্বর সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। নির্বাচনী লড়াইয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন তুলে ধরতে বৃহস্পতিবার বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে সাবরুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। সাবরুম নগর পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডের দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় মহকুমা শাসকের কার্যালয়ে। সেখানে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
এদিনের মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা বিজেপি সভাপতি দীপায়ন চৌধুরী, বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায়, ৪০ নম্বর মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
মনোনয়ন জমা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আসন্ন সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচন এবং দলীয় প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
উল্লেখ্য, ২৭ নভেম্বরের নির্বাচনকে ঘিরে সাবরুমে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ও নির্বাচনী প্রস্তুতির মধ্য দিয়ে ক্রমশ জমে উঠছে ভোটের লড়াই। এদিন ৯টি ওয়ার্ডে প্রার্থী দিয়ে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে বিজেপি নিজেদের নির্বাচনী শক্তির জানান দিল। এখন নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে সাবরুমের ভোটাররা শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলকে সমর্থন জানান।
