আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি ২০২২ সালের STGT পরীক্ষার ফলাফল। বছরের পর বছর অপেক্ষা করেও নিয়োগের বিষয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় এবার ক্ষোভে ফেটে পড়লেন পরীক্ষার্থীরা। দ্রুত ফল প্রকাশের পাশাপাশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন STGT ২০২২-এর পরীক্ষার্থীরা।
সাংবাদিক সম্মেলনে পরীক্ষার্থীরা জানান, ২০২২ সালের STGT পরীক্ষার জন্য ২৩০টি পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। তাঁদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও ইতিবাচক সাড়া মেলেনি। সংশ্লিষ্ট আধিকারিকরা সরকারের নির্দেশের অপেক্ষায় থাকার কথা জানালেও সরকারের তরফে কোনও সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।
পরীক্ষার্থীদের দাবি, হাইকোর্টের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে ২১৯৩টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলির মধ্য থেকে STGT ২০২২-এর পরীক্ষার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হলে বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তাঁদের আরও বক্তব্য, এই পরীক্ষায় এক হাজারেরও বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। ইতিমধ্যে অনেকেই অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছেন। তাই অবিলম্বে ফল প্রকাশ করা হলে প্রকৃতপক্ষে কতজন নিয়োগের অপেক্ষায় রয়েছেন, তা স্পষ্ট হবে।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেন পরীক্ষার্থীরা। তাঁদের বক্তব্য, এই মামলা তাঁরা করেননি। গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট সংরক্ষণের নিয়ম মেনে নিয়োগের বিষয়ে নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হাইকোর্টের একটি আদেশ থেকে তাঁরা জানতে পেরেছেন, সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপিতে ফল প্রকাশ কিংবা নিয়োগ প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ নেই। ফলে ফল প্রকাশের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকার কথা নয় বলেই দাবি তাঁদের।
একই সঙ্গে ST প্রার্থীদের জন্য নির্ধারিত ১৭২টি সংরক্ষিত পদ কোনওভাবেই কমানো বা বাতিল করা যাবে না বলে জোরালো দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। তাঁদের বক্তব্য, নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদগুলি ST প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। সেই বিজ্ঞপ্তির উপর ভরসা করেই বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা ঋণ নিয়ে পড়াশোনা করেছেন, বিএড সম্পন্ন করেছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অথচ দীর্ঘ পাঁচ বছর ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আর্থিক চাপের পাশাপাশি মানসিকভাবেও চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
পরীক্ষার্থীরা আরও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গত পাঁচ বছরে একাধিকবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত সাক্ষাতের সুযোগ মেলেনি। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে দ্রুত ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়েছেন তাঁরা।
পরীক্ষার্থীদের বক্তব্য, দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর আর কোনও আশ্বাস নয়, এবার প্রয়োজন কার্যকর পদক্ষেপ। ২১৯৩টি শূন্যপদের বিষয়টি বিবেচনায় এনে দ্রুত ফল প্রকাশ এবং বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭২টি ST সংরক্ষিত পদ বহাল রেখে নিয়োগের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন STGT ২০২২-এর পরীক্ষার্থীরা।
