গোপাল সিং, খোয়াই, ০৫ নভেম্বর || কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে টেলিফোনে আলোচনার পর ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর জমি ও ভূমি অধিকার সুরক্ষিত করতে আগামী একদিন বা দুইদিনের মধ্যে সরকারি নোটিফিকেশন জারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। সঙ্গে ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। প্রদ্যোত জানান যে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তিপ্রামথার প্রতিনিধি দলকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য খুব শীঘ্রই নয়া দিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। ত্রিপুরার সামগ্রিক বিকাশ ও উন্নয়নের জন্য তিপ্রাসাদের অধিকার ও সাংবিধানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট ঘোষণা করেন যে, যতদিন তিনি বেঁচে আছেন, ততদিন ত্রিপুরার ভবিষ্যৎ ও জনজাতি সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে কোনো আপস তিনি করবেন না। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনজাতি সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিপ্রাস চুক্তি-র প্রতিটি দফা বাস্তবায়ন, শান্তি বজায় রাখা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই তাঁদের আলোচনার মূল উদ্দেশ্য। রাজ্যে পুর নির্বাচন ও গ্রামীণ স্তরের রাজনীতির প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রদ্যোত কিশোরের এই বার্তালাপ ও সম্ভাব্য ভূমি অধিকার নোটিফিকেশন রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।
