বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ নভেম্বর || আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার শান্তিরবাজারে ব্যাপক শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৫টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থীকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও মনোনয়নপত্র দাখিল কর্মসূচির আয়োজন করে দলটি। দলীয় কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতিতে এদিন কার্যত গেরুয়া আবহে মুখর হয়ে ওঠে শান্তিরবাজার শহর।
সকাল থেকেই শান্তিরবাজারের ট্রাই জংশন এলাকায় বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের জমায়েত শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে ভিড়। এরপর ১৫টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে ট্রাই জংশন থেকে শুরু হয় বিশাল মিছিল। ঢাক-ঢোল, দলীয় স্লোগান এবং হাতে পদ্ম প্রতীকের পতাকা নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলকে ঘিরে গোটা শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও মিছিল প্রত্যক্ষ করেন।
মিছিল শেষে ১৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন শান্তিরবাজারের রিটার্নিং অফিসারের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। বাকি পাঁচজন প্রার্থী আগামী শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, ৩৪-রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, যুব মোর্চার মণ্ডল সভাপতি অঞ্জু মগ চৌধুরী, মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, দক্ষিণ জেলা বিজেপির সম্পাদক সুমন দেবনাথ সহ মণ্ডলের অন্যান্য পদাধিকারী, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপি নেতৃত্ব দাবি করেন, শান্তিরবাজারে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৫টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করা প্রয়োজন। গত পৌর বোর্ডের আমলে রাস্তা-ঘাটের উন্নয়ন, পানীয় জল, পথবাতি সহ বিভিন্ন নাগরিক পরিষেবা ক্ষেত্রে যে কাজ হয়েছে, সেগুলিও তুলে ধরেন তাঁরা। আগামী নির্বাচনেও শান্তিরবাজারের মানুষ বিজেপির পদ্ম প্রতীকের ওপর আস্থা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃত্বরা।
কর্মসূচির শেষে প্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতৃত্ব। সব মিলিয়ে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবারের এই বর্ণাঢ্য র্যালি ও মনোনয়ন দাখিল কর্মসূচির মধ্য দিয়ে শান্তিরবাজারে নিজেদের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির বার্তা দিল বিজেপি। ১৫টি ওয়ার্ডেই জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির।
