গোপাল সিং, খোয়াই, ২৫ আগস্ট || আগরতলার এমবিবি কলেজ চত্বর সংলগ্ন এলাকায় বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ গ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে আগরতলা পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল কলেজের ওপরের মাঠ সংলগ্ন এলাকায় প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালায়। অভিযানে পাঁচটি সাবানের কেসে রাখা ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
এসপি নমিত পাঠক সাংবাদিক সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এমবিবি কলেজ ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক তরুণ-তরুণী এবং স্কুল-কলেজ পড়ুয়ার মধ্যে মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রের। তদন্তে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ জনকে লক্ষ্য করে মাদক সরবরাহের পরিকল্পনার বিষয়টিও উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, বনকুমারী ও আড়ালিয়া এলাকার কয়েকজন ছোটখাটো মাদক পাচারকারীর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ব্রাউন সুগার পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা হতে পারে বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরো অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফরেনসিক দলের সদস্য এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইন মেনে পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মাদক কারবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এবং গোপনীয়তা বজায় রাখতে তার নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করা এবং মাদক কারবারের মূল শিকড় পর্যন্ত পৌঁছতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
