আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। গত দেড় মাসে থানায় দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে মোট ২৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল হারিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। এরপর সিআই পদ্ধতির মাধ্যমে প্রযুক্তিগতভাবে মোবাইলগুলির অবস্থান ও গতিবিধি শনাক্ত করে একে একে সেগুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি যাচাই-বাছাইয়ের পর সোমবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকরা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই সাফল্যের কথা জানান এসডিপিও পান্নালাল সেন। তিনি জানান, হারানো বা চুরি যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রযুক্তির সাহায্যে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
পশ্চিম থানার পুলিশের এই উদ্যোগে একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, তেমনই হারানো সম্পদ উদ্ধারে পুলিশের সক্রিয়তা ও প্রযুক্তিনির্ভর তদন্তের বিষয়টিও সামনে এসেছে।
