গোপাল সিং, খোয়াই, ২৫ আগস্ট || খোয়াই মহকুমার বাইজালবাড়ী থানাধীন মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনায় ঘাতক তেলবাহী ট্যাঙ্কার ও তার চালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালককে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে দুর্ঘটনার তদন্তে পুলিশের সাফল্য এবং ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দেবপ্রসাদ রায় এবং বাইজালবাড়ী থানার ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেল প্রায় ৩টা নাগাদ মোহনবাড়ি এলাকায় একটি বেপরোয়া গতির তেলবাহী ট্যাঙ্কার একটি মোটরবাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোটরবাইক চালক রতীশ দেববর্মা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর স্ত্রী বিলু দেববর্মা গুরুতর আহত হন। তাঁকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর তেলবাহী ট্যাঙ্কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ঘটনার তদন্তে নেমে খোয়াই জেলা পুলিশ প্রযুক্তির সাহায্যে অভিযুক্ত চালকের মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে। সেই সূত্র ধরেই পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করতে সক্ষম হয়।
তদন্তের সময় পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। পুলিশের দাবি, ঘাতক ট্যাঙ্কারের চাকায় মৃত ব্যক্তির দেহের অংশবিশেষ পাওয়া যায়, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত তেলবাহী ট্যাঙ্কারের নম্বর TR-01-Z-1691 এবং ক্ষতিগ্রস্ত মোটরবাইকের নম্বর TR-01-AY-8403। অভিযুক্ত চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনার পর দ্রুত তদন্ত করে ঘাতক গাড়ি ও চালককে আটক করায় খোয়াই পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
