দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ আগষ্ট ।। যে রাজ্যে কোনো এক সময়ে শিক্ষা ক্ষেত্রে ছিল প্রচুর প্রতিবন্ধকতা সেই রাজ্যে শিক্ষা ব্যবস্থার অনেকটাই পরিবর্তন সাধিত হয়েছে। মেডিকেল, ইঞ্জিনীয়ারিং শিক্ষা গ্রহন রাজ্যেই সম্ভব হচ্ছে। রাজ্য প্রশাসনের প্রক্রিয়া অব্যাহত ছিল দীর্ঘ দিন রাজ্যের শিক্ষা জগতে ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয় স্থাপন করার বিষয়ে। রাজ্যের সুপ্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহারাজা বীরবিক্রম কলেজ চত্বরে মাথা তুলে দাঁড়িয়ে অপেক্ষায় বহুকাঙ্খিত মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়। দ্বারোদঘাটনের প্রাকমুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রঙ্গন জুড়ে চলছে শেষ তুলির টান। সুদৃশ্য নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যে গড়ে উঠা বিশ্ববিদ্যালয়ে শ্রমিকদের ব্যস্ততা দেখা গেছে উদ্বোধনের শেষ লগ্নে। দুর্গোৎসবের আগে ত্রিপুরার নিজস্ব মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থী সহ আপামর রাজ্যবাসীর জন্য পূজার উপহার।
