সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ আগস্ট || ঐতিহ্যবাহী খুঁটি পূজার মধ্য দিয়ে গণ্ডাছড়ার নারায়ণপুর সুকান্ত ক্লাবের উদ্যোগে এবারের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। খুঁটি পূজাকে কেন্দ্র করে রবিবার ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
এবার সুকান্ত ক্লাবের দুর্গাপূজার মূল আকর্ষণ হতে চলেছে ‘ডিজনিল্যান্ড’ থিম। শিশুদের পাশাপাশি সব বয়সের দর্শনার্থীদের আনন্দ দিতে এই বিশেষ থিমে মণ্ডপ সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।
খুঁটি পূজা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। দরিদ্র ও স্থানীয় শিশুদের নিয়ে ‘বালক সেবা’ কর্মসূচির পাশাপাশি ছোট ছেলে-মেয়েদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয়দের উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।
ক্লাবের সদস্যরা জানান, খুঁটি পূজার মধ্য দিয়ে মণ্ডপ নির্মাণসহ দুর্গাপূজার যাবতীয় প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবারের ‘ডিজনিল্যান্ড’ থিম দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেও তারা আশাবাদী।
এদিন সুকান্ত ক্লাবের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দুর্গোৎসবকে সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় বাসিন্দা সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ক্লাবের সদস্যরা।
