আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ মোহনপুরের দক্ষিণ তারানগরের ভূমিহীন কলোনির ১১ বছরের শিশু পূর্ণ বিশ্বাসের নৃশংস হত্যাকান্ডে কিডনি গায়েব নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এই ঘটনায় কিডনি অপহরণের কোন বিষয় নেই। বুধবার জিবি হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে চিকিৎসকদের টিম জানিয়েছেন, মৃত কিশোরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তার শরীরেই রয়েছে। নাবালকের দুটি কিডনিই সম্পূর্ণ অক্ষত রয়েছে। তার শরীর থেকে কোন অঙ্গহানি হয়নি। মৃতের বাবা মাধু বিশ্বাসকেও এই বিষয়টি প্রত্যক্ষ করান চিকিৎসকরা।বুধবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে আহূত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি জানান, ছেলে ধরা নিয়ে যে খবর ছড়ছে তা সম্পূর্ণ অসত্য। গোটা ঘটনার তদন্ত চলছে। অযথা গুজবে কান না দিতে বা গুজব না ছড়ানোর আহ্বান রাখা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা জানিয়েছেন, শিশুর মৃতদেহ উদ্ধারের পর স্থানীয় পুলিস আধিকারিকদের উপর হামলায় ৩/৪ জন পুলিস কর্মী আহত হয়েছেন। তাদেরকেও হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী।
এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনা সম্পর্কে বিধবার বিধানসভাতেও বিবৃতি দেন। বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে মাফিয়া ও নেশার বিরুদ্ধে অভিযানকে বাঞ্চাল করতেই এই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে নেশা ও মাফিয়াদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
