ছেলের জন্মদিনে একগুচ্ছ সামাজিক কর্মসূচি, রক্তদান শিবিরের উদ্যোগ সপন দত্তের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর || ছেলের জন্মদিনকে শুধুমাত্র আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিলেন শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকার বাসিন্দা সপন দত্ত। ছেলে অর্নব দত্তের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচির আয়োজন করেন তিনি।
বুধবার শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানীয় যুবকদের নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করার লক্ষ্যে ছেলের জন্মদিনে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন সপন দত্ত। শিবিরে স্থানীয় যুবকরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
এদিন রক্তদান কর্মসূচির পাশাপাশি লাউগাং এলাকার মনোরমা শিশু নিকেতনের ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জন্মদিন উপলক্ষে এমন মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা যায়।
ছেলে অর্নব দত্তের জন্মদিনে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মত স্থানীয়দের। তারা অর্নব দত্তের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি সপন দত্তের এই ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিনের রক্তদান শিবিরের খবর পেয়ে সপন দত্তের পাশে দাঁড়ান শান্তিরবাজার বিজেপি মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিকসহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি আরও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*