আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম বিশিষ্ট উৎসব। এই তিথিতে উপবাস ও শিব পুজোর বিধান রয়েছে। সিদ্ধি, ধুতরো, আকন্দ, দুধ, দই, মধু, গঙ্গাজল নিবেদন করে শিব পুজো করা হয়ে থাকে। পৌরাণিক ধারণা অনুযায়ী এই দিনই জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন শিব। আবার এই তিথিতেই শিব-পার্বতীর বিবাহ হয়েছিল। তাই মহাশিবরাত্রি তিথি নানান দিক দিয়ে মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র মতে এই তিথিতে ৪ প্রহরে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে চার প্রহরে শিব পুজো করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়। পাশাপাশি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করে।
৮ই মার্চ ও ৯ই মার্চ অর্থাৎ শুক্রবার ও শনিবার দু’দিনই পালিত হচ্ছে শিব চতূর্দশী। শুক্রবার রাত ৮টায় চতূর্দশী লেগেছে, চতূর্দশী ছাড়বে শনিবার সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে। শুক্রবার থেকেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে শিব চতুর্দশী। আগরতলা শহরের বিভিন্ন ছট বড় শিব মন্দিরে চলছে শিব চতুর্দশী পূজো ও মেলা। আগরতলা ধলেশ্বর চন্দ্রপুরস্থিত গোরক্ষনাথ মন্দিরে শুক্রবার সন্ধ্যা থেকেই চোখে পড়লো অগণিত ভক্তের ভিড়। আগরতলা শিব বাড়িতে এই শিব চতুর্দশী উপলক্ষে চলছে মেলা।
