আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলার TIFT কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্য প্রশাসন, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সিআরপিএফ এবং অসম রাইফেলসের পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আশাবাড়ির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রাজ্যে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
আশাবাড়ির সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠককে রাজ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনিক সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
