বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুলাই || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীন বাইখোড়া এসএসবি ক্যাম্প সংলগ্ন কমিউনিটি হলে শনিবার এক কৃষক সন্মেলনের আয়োজন করা হয়। গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই সন্মেলনে মূলত দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বর্তমানে গ্রামাঞ্চলের বহু গৃহপালক গরু পালন করলেও উৎপাদিত দুধের সঠিক বাজারজাতকরণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রেক্ষাপটে, রাজ্যের মন্ত্রী তথা জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া-র উদ্যোগে এই সন্মেলনের আয়োজন করা হয়। কৃষকদের সহায়তায় কিভাবে দুধের সঠিক সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন করা যায়, সেসব বিষয়ে বিশদভাবে আলোচনার মাধ্যমে দিশা দেখানো হয়।
সন্মেলনে গরুর দুধ থেকে ঘি, ছানা, দইসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং জোলাইবাড়ী থেকে দুধ আগরতলায় পরিবহণের সম্ভাব্য ব্যবস্থা নিয়েও বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মহম্মদ সাজাদ পি আই এ এস, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, সমাজসেবী দীপায়ন চৌধুরী ও সুজিত দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, “আমাদের লক্ষ্য গ্রামের গরুপালকদের স্বনির্ভর করে তোলা। দুধ উৎপাদনের সঠিক মূল্য নিশ্চিত করা এবং বাজারজাতকরণের ব্যবস্থা করাই এই সন্মেলনের মূল উদ্দেশ্য।”
স্থানীয় কৃষকদের উপস্থিতি এবং অংশগ্রহণে উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে এই সন্মেলন। কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন আয়োজক সংস্থা ও প্রশাসনিক কর্মকর্তারা।
