ঋষ্যমূখের নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মা ও ১৮ মাসের শিশুকন্যা, আশঙ্কাজনক অবস্থায় বিলোনিয়া হাসপাতালে

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৩ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমূখের নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ মা ও তাঁর ১৮ মাস বয়সী শিশুকন্যাকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। আশঙ্কাজনক অবস্থায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মৃত্যু হয়েছে শিশুটির মা, ২৩ বছর বয়সী সুপর্ণা মজুমদারের। একই ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ ১৮ মাসের শিশুকন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮টা নাগাদ ঋষ্যমূখ ব্লকের নলুয়ার বরোজ কলোনি এলাকায় রণজিৎ মজুমদারের বাড়িতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় ঘরের ভিতরে ছিলেন রণজিৎ মজুমদারের স্ত্রী সুপর্ণা মজুমদার এবং তাঁর ১৮ মাস বয়সী শিশুকন্যা।
ঘর থেকে চিৎকার ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা মা ও শিশুকে উদ্ধার করে তড়িঘড়ি নলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু হয় সুপর্ণা মজুমদারের। তাঁর মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। অন্যদিকে, অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ ১৮ মাসের শিশুকন্যার চিকিৎসা এখনও চলছে বলে জানা গেছে।
তবে কীভাবে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হলো, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*