জন্মাষ্টমী উপলক্ষে বাইখোড়া ইস্কন মন্দিরে মেগা স্বাস্থ্যশিবির, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বহু মানুষ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ সেপ্টেম্বর || জন্মাষ্টমী উৎসবকে সামনে রেখে ধর্মীয় কর্মসূচির পাশাপাশি একাধিক সামাজিক উদ্যোগ হাতে নিয়েছে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দির। মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাসের উদ্যোগে বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এক মেগা স্বাস্থ্যশিবিরের।
ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আয়োজিত এই স্বাস্থ্যশিবিরে মহকুমার বিভিন্ন এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। শিবিরে আগতদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
জানা যায়, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে নিয়মিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকেন মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস। এরই ধারাবাহিকতায় জন্মাষ্টমী উপলক্ষে এবারও একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে আগামীকাল শুক্রবার মন্দির প্রাঙ্গণে শতাধিক ব্রতীকে নিয়ে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। সারারাতব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হবে বলে মন্দির সূত্রে জানা গেছে।
প্রভুজি করুনেশ্বর মাধব দাসের উদ্যোগে আয়োজিত এই মেগা স্বাস্থ্যশিবিরে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করায় মন্দির কর্তৃপক্ষ ও প্রভুজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিবিরে আসা সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*