বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুলাই || ৩৬-শান্তিরবাজার মণ্ডল বিজেপি’র যুব মোর্চার উদ্যোগে শনিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হল মশাল মিছিল। প্রবল প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে যুব মোর্চার সদস্য ও বিজেপি কর্মী-সমর্থকরা হাতে মশাল নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে।
মিছিলের সূচনা হয় শান্তিরবাজার এলাকার গুরুত্বপূর্ণ মোড় থেকে, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় স্থানীয় পার্টি অফিস প্রাঙ্গণে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব, দক্ষিণ জেলা বিজেপি’র যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, শান্তিরবাজার মণ্ডল যুব মোর্চার সভাপতি রামপ্রসাদ শীল, কৃষাণ মোর্চার জেলা সভাপতি সত্যব্রত সাহা, শান্তিরবাজার মণ্ডল বিজেপির সভাপতি দেবাশিষ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব কার্গিল শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, “তাঁদের বলিদানই আজকের ভারতের সুরক্ষার ভিত মজবুত করেছে। এই দিবস আমাদের তরুণ প্রজন্মকে দেশসেবার প্রেরণা জোগাবে।”
উল্লেখযোগ্যভাবে, আজকের কর্মসূচিতে বিজেপি ও যুব মোর্চার প্রচুর সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যুব সমাজকে দেশপ্রেমের পথে এগিয়ে নিয়ে যাওয়া।
