সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ জুলাই || তেলিয়ামুড়া রোটারি ক্লাবের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার স্মার্ট ক্লাস বোর্ড হস্তান্তর ও ক্লাবের নতুন কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সুবল দেবনাথ, ডঃ স্বপন ভৌমিক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক সুখেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়ার শিশু মালঞ্চ স্কুলে একটি স্মার্ট বোর্ড প্রদান করা হয়। ক্লাব সূত্রে জানা যায়, এই প্রকল্পে মোট খরচ হয়েছে ১,৮৫,০০০ টাকা। স্মার্ট বোর্ড হাতে পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ তৈরি হয়।
এছাড়াও এদিন ছয়জন বিশিষ্ট চিকিৎসককে সংবর্ধনা জ্ঞাপন করে রোটারি ক্লাব। সংবর্ধিত চিকিৎসকরা হলেন— ডঃ অচিন্ত্য ভট্টাচার্য, ডঃ বিধান গোস্বামী, ডঃ বিপ্লব নাথ, ডঃ অনিদিতা দত্ত, ডঃ সুবল দেবনাথ ও ডঃ সঞ্জয় কুন্ডু। তাঁদের চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য রোটারি ক্লাব এই সম্মান প্রদান করে।
অনুষ্ঠানে রোটারি ক্লাব তেলিয়ামুড়ার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন আরটিএন সমীর ভট্টাচার্য, সম্পাদক আরটিএন পাপড়ি ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন আরটিএন স্বর্ণময়ী দেবনাথ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা রোটারি ক্লাবের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ও তাঁর বক্তব্যে ক্লাবের সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন।
