গোপাল সিং, খোয়াই, ৩১ মে || পুলিশের মানবিক মুখের এক অনন্য নজির দেখলো খোয়াইবাসী। খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কৃষ্ণধন সরকারের বিশেষ তৎপরতায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবককে উদ্ধার করে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। খাকি পোশাকের আড়ালে থাকা এই মানবিক রূপ দেখে আপ্লুত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার বিবরণে জানা গেছে, গত তিন দিন আগে কিল্লা থানার অন্তর্গত রাইয়াবাড়ি এলাকা থেকে ২৬ বছর বয়সী যুবক রোহিনী কুমার জমাতিয়া আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন চারদিকে খোঁজখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কিল্লা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর থেকেই পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু করে।
শনিবার খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকায় ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। খোয়াই থানার পুলিশ তৎক্ষণাৎ রোহিনীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং কিল্লা থানার মাধ্যমে ওই রাতেই যুবকের পরিবারের কাছে খবর পাঠানো হয়।
ছেলের খোঁজ পেয়ে রবিবার সকালে খোয়াই থানায় ছুটে আসেন রোহিণীর মা। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার পরম যত্নে ছেলেকে তাঁর মায়ের হাতে তুলে দেন। শুধু ছেলেকেই ফিরিয়ে দেওয়া নয়, ওই অসহায় পরিবারটি যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, সেই উদ্দেশ্যে নিজের পকেট থেকে গাড়ি ভাড়ার টাকাও ছেলের মায়ের হাতে তুলে দেন ওসি। পুলিশের এই সহমর্মিতা ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোয়াইয়ের সর্বস্তরের মানুষ।
