আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হওয়া পি.এম. স্বনিধি প্রকল্প দেশের প্রান্তিক ও ক্ষুদ্র আয়ের পথ বিক্রেতাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে পি.এম. স্বনিধি প্রকল্পের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এ পর্যন্ত ৮,৬৬৬ জন পথ বিক্রেতাকে ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ১১,৭২৭টি ঋণ আবেদনের মধ্যে ৯,৫৭৮টি অনুমোদিত হয়েছে এবং ৯,৩০১ জনের মধ্যে প্রায় ১৫.২৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫,০০০ জন সুবিধাভোগী ইতিমধ্যেই ঋণ পরিশোধ করেছেন।
তিনি আরও বলেন, ৫,৯৮২ জন পথ বিক্রেতা ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং নিয়মিত লেনদেনের পরিমাণ প্রায় ২০২.৩৪ কোটি টাকায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, পি.এম. স্বনিধি প্রকল্প কেবল ঋণ প্রদানের কর্মসূচি নয়, বরং পথ বিক্রেতাদের আত্মসম্মান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী মাধ্যম। এদিন অতিথিরা কয়েকজন সুবিধাভোগীর হাতে স্বনিধি ক্রেডিট কার্ড, ঋণের ডামি চেক এবং ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বের সম্প্রচারও প্রদর্শন করা হয়।
