আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || ত্রিপুরার নগরোন্নয়ন ও বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আবাসন, নগরোন্নয়ন ও বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর জানান, রাজ্যে উন্নয়নমূলক একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, আগরতলা ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিমে প্রায় ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ ব্যবস্থায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি বাড়িতে শৌচালয় এবং প্রয়োজনীয় কমিউনিটি ও পাবলিক টয়লেটের চাহিদা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আগামী ৩০ দিনের মধ্যে কেন্দ্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয়মন্ত্রী জানান, রাজ্যে ১১টি সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগরতলা, ধর্মনগর, কৈলাসহর ও উদয়পুর শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিদ্যুৎ খাতের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে ত্রিপুরার ২ লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্মার্ট মিটার স্থাপন, বিদ্যুৎ চুরি রোধ এবং বিদ্যুৎ বিভাগের লোকসান কমানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৯-৩০ সাল পর্যন্ত রাজ্যের বিদ্যুতের চাহিদা ও সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মনোহর লাল খট্টর জানান, ২০৪৭ সালের মধ্যে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র সরকার কাজ করে চলেছে।
