আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব রবিবার বড়জলা মণ্ডলের ২৮ নম্বর বুথের মধ্য ভুবনবন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে একযোগে শ্রবণ করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি দেশের জনগণকে ইতিবাচক চিন্তাভাবনা, সমাজসেবা এবং জাতি গঠনের কাজে অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়িয়ে তোলে।
রতন লাল নাথ বলেন, এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জলসম্পদ সংরক্ষণ, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এসব বিষয় দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, ‘মন কি বাত’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা ইতিবাচক উদ্যোগ, জনসেবামূলক কার্যক্রম এবং সমাজ পরিবর্তনের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরেন। এর ফলে নাগরিকদের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং জনসচেতনতা আরও বৃদ্ধি পায়।
তিনি জানান, দলীয় কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
