রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ, মরে ভেসে উঠল বিপুল টাকার মাছ ও হাঁস, পশ্চিম সোনাতলায় তীব্র চাঞ্চল্য

গোপল সিং, খোয়াই, ২২ জুন || রাতের অন্ধকারে শত্রুতামূলকভাবে এক মৎস্য চাষীর পুকুরে বিষ ঢেলে দেওয়ার এক ন্যক্কারজনক ঘটনা সামনে এলো। বিষক্রিয়ার ফলে পুকুরের বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠার পাশাপাশি পুকুরের জল খেয়ে একে একে ১০টি হাঁসও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা এলাকায়। রাতের আঁধারে কে বা কারা এই ঘৃণ্য কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিম সোনাতলা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী তথা গৃহবধূ শ্যামলি দেবনাথ জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি পুকুর পাড়ে গিয়ে দেখেন এক ভয়াবহ দৃশ্য। পুকুরের ছোট-বড় সমস্ত মাছ মরে জলের ওপর ভেসে রয়েছে। শুধু তাই নয়, ওই পুকুরের বিষাক্ত জল পানের কারণে তাঁদের গৃহপালিত ১০টি হাঁসও ছটফট করে মারা গেছে। শ্যামলি দেবনাথের দাবি, পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতী দল এই পুকুরে মারাত্মক বিষ প্রয়োগ করেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীর দেওয়া তথ্য অনুযায়ী, পুকুরের মাছ মরে যাওয়ায় প্রাথমিকভাবে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ওপর আবার ১০টি হাঁস মারা যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আর্থিক বোঝার গ্রাফ আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার ফলে সম্পূর্ণ ভেঙে পড়েছে দরিদ্র পরিবারটি। জীবিকা অর্জনের প্রধান উৎসে এভাবে আঘাত আসায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
ঘটনার খবর পাঠানো হয়েছে খোয়াই থানার পুলিশকে। গ্রামের শান্ত পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এবং একটি পরিবারকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দিতে যারা এই কাণ্ড ঘটিয়েছে, তদন্ত সাপেক্ষে সেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পশ্চিম সোনাতলাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*