আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি (ব্রেভহার্টস)-এর উদ্যোগে রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস উদযাপন করা হয়। সুস্থ জীবনযাপন, আত্মশৃঙ্খলা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট, কর্মকর্তা ও প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
এদিন আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ ও অ্যালবার্ট এক্কা পার্কসহ রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উনকোটি, ত্রিপুরাসুন্দরী মন্দির (মাতাবাড়ি), নীরমহল এবং হেরিটেজ পার্কে একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন ২ জন কর্মকর্তা, ১০ জন অ্যাসোসিয়েট এনসিসি অফিসার (এএনও), ২ জন কেয়ার টেকিং অফিসার (সিটিও), ৬ জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও), ১২ জন স্থায়ী প্রশিক্ষক এবং ৬৭৫ জন এনসিসি ক্যাডেট।
অ্যালবার্ট এক্কা পার্ক ও উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত প্রধান যোগ সেশনে এনসিসি ক্যাডেটদের পাশাপাশি এএনও এবং প্রশিক্ষকরা অংশ নেন। ভারতের আয়ুষ মন্ত্রকের নির্ধারিত কমন যোগ প্রোটোকল অনুসারে এই সেশন পরিচালনা করেন ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির এএনও ও যোগগুরু কমলেন্দ্র এবং জাতীয় স্তরে প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক ক্যাডেট প্রশিক্ষক।
অনুষ্ঠানে বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা, আবেগীয় ভারসাম্য এবং সামগ্রিক কল্যাণের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ, নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের শেষে যোগকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ এবং সমাজের সর্বস্তরে এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির শপথ গ্রহণ করা হয়।
১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল এন.এস. বাথ বলেন, “আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬-এর সফল উদযাপন যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির অঙ্গীকারের প্রতিফলন। জাতি গঠনে এনসিসির ভূমিকা আরও শক্তিশালী করতে এবং ‘ফিট ইন্ডিয়া’-র স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
