অসুস্থ প্রাক্তন বিধায়ক তাপস দে হাসপাতালে, দেখতে ছুটলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ২৫ আগস্ট || রাজ্যের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন বিধায়ক তথা টিসিএফ-এর প্রবীণ উপদেষ্টা তাপস দে গুরুতর অসুস্থ হয়ে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বিধায়ক রঞ্জিত দেববর্মা। হাসপাতালে গিয়ে তিনি তাপস দে-র সঙ্গে দেখা করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রঞ্জিত দেববর্মা জানান, প্রাক্তন বিধায়ক তাপস দে গুরুতর অসুস্থ অবস্থায় আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন। তিনি প্রবীণ নেতার দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
এদিকে, তাপস দে-র অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিপ্রামথা পার্টির সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। এক বার্তায় তিনি তিপ্রাসাদের যেসব কর্মী অতীতে তাপস দে-র সঙ্গে কাজ করেছেন, তাঁদের তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রদ্যোত কিশোর আরও উল্লেখ করেন, তাপস দে একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি তাঁর পিতামাতা এবং পরবর্তীতে তাঁর সঙ্গেও বিভিন্ন দায়িত্বে থেকে রাজপরিবারের সঙ্গে কাজ করেছেন। প্রবীণ এই নেতার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন তিনি।
বর্তমানে হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাপস দে-র চিকিৎসা চলছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য রাজনৈতিক মহলসহ বিভিন্ন স্তর থেকে শুভকামনা জানানো হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*