বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ আগস্ট || পশুদের সুরক্ষা, কল্যাণ এবং নিয়ন্ত্রিত প্রজনন ব্যবস্থাকে আরও কার্যকর করতে দক্ষিণ ত্রিপুরা জেলায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিলোনিয়ায় এআরডিডি (ARDD) দপ্তরের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা হাসপাতালে ‘পশু জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা দক্ষিণ ত্রিপুরা জেলার গার্ডিয়ান মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানের আগে মন্ত্রী জেলা প্রাণী সম্পদ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। সেখানে কর্মরত চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং পশুদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এআরডিডি দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর বিমল কৃষ্ণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জিলা সভাধিপতি দীপক দত্ত সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, পশুপালকদের পাশে দাঁড়ানো এবং রাজ্যে পশু চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সরকার একাধিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। পশুদের স্বাস্থ্য সুরক্ষা, টিকাকরণ এবং নিয়ন্ত্রিত প্রজননের মতো বিষয়গুলিতে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, আগামী দিনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনমুখী করে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এর ফলে পশুপালকদের পাশাপাশি সাধারণ মানুষও উন্নত পশু চিকিৎসা ও পরিষেবার আরও বেশি সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এই কর্মসূচিকে দক্ষিণ ত্রিপুরায় পশু কল্যাণ ও প্রাণী চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।
